ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে তেহরান দাবি করেছে, ওয়াশিংটন এখন সংঘাত থেকে একটি সম্মানজনক বের হওয়ার পথ খুঁজছে। দ্বিতীয় দফার সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে যখন কূটনৈতিক তৎপরতা বাড়ছে, ঠিক তখনই মন্তব্য করল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বাংলানিউজের।
গতকাল শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানি সংবাদমাধ্যম আইএসএনএ জানায়, বর্তমান পরিস্থিতিতে ইরানের সামরিক অবস্থান প্রভাবশালী। মুখপাত্রের ভাষায়, এই সংঘাতে যুক্তরাষ্ট্র এমন এক অবস্থায় আটকে পড়েছে, যেখান থেকে বের হতে তারা এখন সম্মানজনক পথ খুঁজছে। এদিকে, মার্কিন প্রতিনিধিদলের সদস্য স্টিভ উইটকফ ও জারেড কুশনার শান্তি আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের সফর ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার আবহ তৈরি হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসার পরিকল্পনা আপাতত তেহরানের নেই। ফলে সম্ভাব্য আলোচনা ঘিরে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।














