পারস্য উপসাগরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে প্রচেষ্টা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র তীব্র মতবিরোধে লিপ্ত হয়ে আছে বলে ইরানের এক ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে। রয়টার্সকে তিনি জানিয়েছেন, জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তি পুনর্বহাল ও এটি বাস্তবায়ন করার বিষয়ে একটি সময়সীমা নির্ধারণ নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। খবর বিডিনিউজের।
পশ্চিম এশিয়া অঞ্চলের নৌপথে নতুন করে জাহাজে হামলা এবং বুধবার ইরানের নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পর এই সংকট সমাধানের আশা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। পুরো সংঘাতজুড়ে ট্রাম্প একদিকে সংঘাত বাড়াবার হুমকি দিচ্ছেন, আবার পরক্ষণেই চুক্তি সন্নিকটে বলে দাবি করছেন। জুন মাসে দুই পক্ষ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়ে অন্তর্বর্তী চুক্তি করেছিল। তবে দ্রুতই তা ভেস্তে যায়। ট্রাম্প ৭ জুলাই চুক্তিটি বাতিল বলে ঘোষণা দেন এবং এর এক সপ্তাহ পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চুক্তিটি স্থগিত করার ঘোষণা দেয়।












