মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

| শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:০৩ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টায় উপজেলার শরীফপুর সীমান্তের দত্তগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান। নিহত মো. মুজিব আলী (২০) দত্তগ্রাম এলাকার মো. অজিব আলীর ছেলে।

বিজিবি জানায়, বাংলাদেশি ছয়সাতজনের একটি চোরাকারবারি দল ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় সীমান্ত পিলার ১৮৫২/এস হতে আনুমানিক ৫০০ গজ ভিতরে ভারতের লখাইরচরে প্রবেশ করে। তখন ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফ লাঠিয়াপুড়া ক্যাম্পের সদস্যরা চোরাকারবারিদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশি চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। বিএসএফ সদস্যরা আত্মরক্ষার্থে চোরাকারবারিদের উপর দুতিনটি গুলি করে। এতে মুজিব আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যরা পালিয়ে এসে আত্মগোপন করে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। সীমান্ত রক্ষা বাহিনী বলছে, নিহত ব্যক্তি এর আগে চোরাচালানের মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়। খবর বিডিনিউজের।

শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে তাদের নাম জানতে পারেননি। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, তারা ঘটনাস্থলে যাচ্ছেন।

৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সন্ধ্যার পর বৃষ্টি হচ্ছিল। এ সময় তাদের টহলদলের সদস্যরা কয়েকটি গুলির শব্দ শুনেছেন। পরে বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার কথা জানায়। এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধ১০-১২টি শ্যালো মেশিনে চলছে বালু উত্তোলন
পরবর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে কাটাপাহাড় লেন থেকে গ্রেপ্তার ৩