মেসির বাবা অসুস্থ খবর জানালো পরিবার

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:৫৮ পূর্বাহ্ণ

লিওনেল মেসির বাবা অসুস্থ। গত বৃহস্পতিবার পরিবারের তরফে একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এই কারণেই আর্জেন্টিনার ম্যাচে তিনি দর্শক আসনে হাজির থাকতে পারেননি বলে জানা গিয়েছে। যদিও ঠিক কী ধরনের অসুস্থতা তা প্রকাশ করা হয়নি। পরিবারের তরফে ‘ইএসপিএন’কে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মেসির বাবা জর্জ।

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। আগের থেকে ভাল আছেন। মেসির বাবা জর্জের অসুস্থতা নিয়ে যে ভাবে সংবাদমাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে তা নিয়েও এক হাত নেওয়া হয়েছে পরিবারের তরফে। তাদের দাবি, সরকারি ভাবে না জানানো সত্ত্বেও এই জল্পনা একেবারেই কাম্য নয়। মেসির পরিবারের তরফে জানানো হয়েছে, যে ভাবে বিভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে, গুজব এবং জল্পনা ছড়ানো হচ্ছে তা অত্যন্ত অসংবেদনশীল। এই মুহূর্তে পরিবারের তরফে সহমর্মিতা এবং সহযোগিতা আশা করা হয়েছে। গোটা বিষয়টি ব্যক্তিগত রাখার অনুরোধ জানানো হয়েছে। যে কোনও তথ্যের জন্য পরিবারের লোকেদের কথাই বিশ্বাস করতে বলা হয়েছে। উল্লেখ্য, আলজেরিয়া ম্যাচে প্রথম গোলের পরেই কেঁদে ফেলেছিলেন মেসি। পরে বলেছিলেন, ‘হ্যাঁ, আমি কেঁদে ফেলেছিলাম।

তবে ফুটবলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। গত কয়েকটা দিন খুব কঠিন ছিল। কঠিন সময় কাটিয়েছি। জটিল সময় কাটিয়েছি। সেগুলোই মনে পড়ছিল। ফুটবলের সঙ্গে কোনও সম্পর্ক নেই।’ যদিও এই ঘটনার সঙ্গে তার সম্পর্ক রয়েছে কি না বোঝা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া স্মৃতি ফুটবলের ফাইনালে শহীদ ওয়াসিম আকরাম একাদশ
পরবর্তী নিবন্ধকাপ্তাই প্রজেক্টে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন