মেঘের দেশে মামা বাড়ি

দীপক বড়ুয়া | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

নারিতা, নোরা মায়ের সাথে ইশকুল থেকে ফিরল।

মা বলল, নোরা ওয়াশরুমে যা,ভালো করে স্নান করে আয়।

আমি টেবিলে ভাত দিচ্ছি।

নোরা ছুটে যায়, দ্রুত ফিরে এসে বলে, মা দিদিভাই ওয়াশরুমে।

ঠিক আছে, বাবার ওয়াশরুমে যা ।

নারিতা, নোরা ওয়াশরুম থেকে আসার আগে টেবিলে ভাত তৈরি। দু’জনে পাশাপাশি বসে খেতে শুরু করে। দেখে হঠাৎ

বাইরে ভীষণ অন্ধকার। কাল মেঘের ছুটোছুটি। এখনও আশ্বিন মাসে এই একটি অবাক কান্ড। শূত নামার সময়, তা’ নয়, এখন আকাশ ফর্সা, আবার এই কাল। সঙ্গে বিদ্যুৎ চমকিয়ে গুড়ুম গুড়ুম ডাক। পরপর বৃষ্টি কি বৃষ্টি! ঝুপঝুপ বৃষ্টিতে বাসার এক চিলতে উঠোন জলে ভরে যায়।

নোরার মেঘ ভালো লাগে। কাল মেঘ গুড়গুড় ডাকলে আকাশে মেঘ দেখে হাসে। হাত ইশারায় মেঘ ডাকে, আয় আয়। মেঘ, আমার বন্ধু হবে? কি ভেবে

মেঘও বলে, হব। কিন্তু একটি শর্ত আছে।

কি শর্ত?

আমার দেশে আসতে হবে।

জানো মেঘ ,একদিন রাতে ঘুমোবার সময় ঘুম আসছিল না।

মাকে বললাম, মা একটা গল্প বল।

কিসের গল্প শুনবি?

মেঘের।

মা বলে আমারও ইচ্ছে করে, যদি মেঘের দেশে মামার বাড়ি থাকত, বেড়াতে যেতাম। ঘুরতাম, খেলতাম মেঘের সাথে।

মেঘের বাড়ি সেতো আকাশ কোলে, কিভাবে যাবে ?

সেটাই তো ভাবি। তাই আর মেঘের দেশে যাওয়া হয়নি।

এ ফাঁকে গল্পের শুরুতে নোরার চোখে ঘুম পাড়ানি আসে। নোরা ঘুমায়। লাজুক চোখে মৃদু হাসি ঝরে।

মেঘ আবারও ডাকে, নোরা এই নোরা, তুমি জানো না, এই মেঘের দেশে তোমার মামা বাড়ি। আমি তোমার মেঘ মামা। এখানে অনেক মেঘ মামা, মাসী আছে। তুমি এস,সবাই খুব আদর করবে। মেঘ মামা, মেঘ দিদা আছে। মেঘ মামার পিঠে চড়ে পুরো আকাশ ঘুরবে।

সত্যি?

সত্যি সত্যি সত্যি ! তিন সত্যি।

তো আমি কিভাবে যাব মামা ?

আমি আসছি। কোলে তুলে নিয়ে যাব।

নোরার ঠোঁটে হাসির ঝিলিক। মনেমনে বলে, কি মজা কি মজা ! মেঘের দেশে মামা বাড়ি যাব। মেঘ মামা আসছে।

মেঘ মামা আসে। নোরার সামনে দাঁড়ায়।

দেখে তো নোরা অবাক। মেঘ মামা এত সুন্দর তুমি। শাদা কাল রঙে দারুণ ! মামাকে ছুঁয়ে বলে, মামা তোমার শরীরটা এত তুলতুল !

হ্যাঁরে নোরা, মেঘেরা তুলতুল হয়। চল। কোলে ওঠ।

নোরা কোলে বসতেই হু হু করে মেঘের দেশে চলে যায়।

কি খুশি কি আনন্দ নোরা। নোরা বলে,

মেঘ মামা এখানে এত ঠান্ডা কেন?

এখন তো সন্ধ্যা তাই !

নোরার মাথার উপর অনেক তারা, একটি চাঁদ দাঁড়িয়ে । জ্বলজ্বল জ্বলছে। নোরা বলে,

মামা আমি তারার কাছে যাব,তারা ধরব। তারার সাথে খেলব। কানামাছি খেলব।

মেঘ বলে, ওখানে আমরা যেতে পারিনা । অনেক দূর। যাওয়া সম্ভব ও নয়।

নোরা হাউমাউ কাঁদতে শুরু করে। দুই চোখে জল পড়ে। বারবার বলে, মামা আমি তারার কাছে যাব। মেঘ মামা আদর করে চোখের জল মুছেবলে, কাঁদে না নোরা। ছিঃ ছিঃ মামার দেশে এসে কেউ কি কাঁদে। তারা, সেতো বলেছি অনেক দূরে। আমরা মেঘ অতদূরে যেতে পারিনা।

না না নোরার কান্না থামে না। হাত পা নাড়তেই নোরা মেঘ মামার কোল থেকে পড়ে যায়। ব্যথা পেয়ে কাঁদতে শুরু করে জোরেশোরে।

নোরার কান্নার শব্দ শোনে মা নোরাকে বুকে জড়িয়ে বলে, নোরা তুই কাঁদছিস কেন?

স্বপ্ন দেখছিলি? ঘরের লাইটের সুইচ অন করে। লাইটের আলোয় ঘর ভরে যায়। নোরার চোখে জল। নারিতা পাশে শুইয়ে। ঘুমুচ্ছে।

নোরা বলে, মা আমি মেঘের দেশে মামা বাড়ি গিয়েছি। মেঘ মামা নিয়ে গেছে। কি সুন্দর মামা বাড়ি। মেঘে ভরা। অনেক মেঘ মামা আছে। সবাই শাদা কাল রঙে। তুলতুল শরীর।

তারপর?

আমি তারার কাছে যেতে বললাম। মেঘ মামা বলল, ওখানে ওরা যেতে পারেনা। তাই কাঁদছিলাম। হঠাৎ হাত পা নাড়তেই ছিটকিয়ে মেঘ মামার কোল থেকে পড়ে ব্যথা পেয়ে কাঁদছি।

নোরার কথা শোনে মা হাঃ হাঃ হাসিতে ফেটে পড়ে। বলে,

তুই স্বপ্ন দেখছিলি। বোকা মেয়ে, সত্যি কেউ মেঘের দেশে যেতে পারে? না, সেটা মানুষের পক্ষে একেবারে সম্ভব নয়।

মা তুমিও মামার বাড়ি মেঘের দেশে যেতে চাইতে।

সেটাতো স্বপ্ন । তোরটাও স্বপ্ন ছিল। তবে তুই স্বপ্নে হলেও মেঘের দেশে মামার বাড়ি যেতে পারলি। খুশি না!

মায়ের কথায় নোরা লজ্জায় চোখ বুজে মায়ের কোলে শুয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধজেলা ঘোষণার ৪৩ বছর পর খাগড়াছড়িতে ট্রেজারি কার্যক্রম
পরবর্তী নিবন্ধরাক্ষস নাই