মীরসরাইয়ের মহাসড়কে দুই কোটি টাকার ইয়াবাসহ কার চালক গ্রেপ্তার

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৬:৩৭ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জে ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবু মোল্লা (৪৫) নামে এক প্রাইভেট কার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। কঙবাজার থেকে প্রাইভেটকারে করে ঢাকায় পাচারের পথে জব্দ করা ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আটক বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে। খবর বাসসের।

গতকাল জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে গাড়িটি থামানো হয়। এ সময় ঢাকা মেট্রোগ ৩৪৭৬৮৯ নম্বরের গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সেটিকে আটক করে। পরে গাড়ির পেছনের অংশে বিশেষভাবে লুকানো সাতটি প্যাকেট থেকে ইয়াবা জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ১০ হাজার পিস করে ইয়াবা ছিল। মোট ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানায় পুলিশ। ওসি আব্দুল হালিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক গাড়িচালক বাবু মোল্লা একটি বড় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিথ্যা মামলায় কাউকে হয়রানি নয়
পরবর্তী নিবন্ধআরো ৩ শিশুর মৃত্যু