মিয়ানমারে পাচারকালে ৫০০ বস্তা আলুসহ আটক ১১

নিত্যপণ্যের বিনিময়ে মাদক

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

পণ্যের বিনিময়ে মিয়ানমার হতে মাদক পাচারকালে ৫০০ বস্তা আলু ও একটি ফিশিং বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা–মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১২টায় কুতুবদিয়া থানাধীন আলী আকবর ডেইল সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে শুল্ক–কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে একটি বোট তল্লাশি করে প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা আলু ও পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

পাচারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাংলাদেশ হতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আরাকান আর্মির কাছে বিক্রির বিনিময়ে মাদক সংগ্রহ করে বাংলাদেশে পাচার করে। এ সময় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গিয়েছে মর্মে বিবৃতি প্রদানের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে। পরবর্তীতে তারা অতি গোপনে বাংলাদেশে প্রবেশ করে মাদক কারবারীদের হাতে মাদক পৌঁছে দেয়। তাদের ন্যায় আরো কয়েকটি অসাধু চক্র এরূপ অবৈধ কার্যকলাপে লিপ্ত রয়েছে বলে জানা যায়। জব্দকৃত আলু, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান মুফিদুল ইসলামের নির্বাহী কমিটির সভা
পরবর্তী নিবন্ধট্রাইব্যুনালে ছেলের লাশ পোড়ানোর ভিডিও, কাঁদলেন বাবা