মিথ্যা ঘোষণা দিয়ে অতিরিক্ত পণ্য আমদানি করায় ‘রেনবো করপোরেশন’ নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা ও শুল্ক–করসহ ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুলাই সি–১১৩৮৭০৬ নম্বর বিল অব এন্ট্রির মাধ্যমে রেনবো করপোরেশনের আমদানি করা চালানটি আটক করে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানিকৃত চালানটি বন্দরের এনসিটিতে আটক করা হয়। পরে কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস হাউসের প্রতিনিধিদের উপস্থিতিতে চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করে দেখা যায়, চালানটিতে ঘোষিত ওজনের তুলনায় অতিরিক্ত পণ্য রয়েছে। ঘোষণায় ৬ হাজার ৭০৪ দশমিক ৫৬ কেজি চকলেটের কথা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া যায় ৭ হাজার ১৩২ দশমিক ২৫ কেজি। এছাড়া ২ হাজার ৫৭১ দশমিক ১৬ কেজি ওয়েফার ঘোষণার বিপরীতে পাওয়া যায় ২ হাজার ৬৮৪ দশমিক ৮৮ কেজি। সব মিলিয়ে চালানটিতে ঘোষিত ওজনের তুলনায় ৫৪০ দশমিক ৪১ কেজি বা ৫ দশমিক ৮৩ শতাংশ অতিরিক্ত পণ্য পাওয়া যায়। পরে বিচারাদেশের মাধ্যমে অতিরিক্ত শুল্ক–কর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা, অর্থদণ্ড বাবদ ১০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা বাবদ ১ লাখ টাকাসহ মোট ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়।











