মায়ের কোল নিশ্চিত, নিরাপদ। একটি সড়ক দুর্ঘটনা সেই কোলকে নিরাপদ রাখল না। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা গেছে এক শিশু। দুর্ঘটনায় এক বাস চালকও নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুটি বাসের অন্তত ৩০ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। এ সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে সড়ক ছিল ভেজা।
গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বাস দুটি দুমড়ে–মুচড়ে যায় এবং একটি বাসের চালা পর্যন্ত উপড়ে যায়। নিহতরা হলেন শরীফ এন্টারপ্রাইজ বাসের চালক উখিয়া উপজেলার পাগলির বিল এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৩০) এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বানিয়ারছড়া গ্রামের মনজুর আলমের এক বছর বয়সী ছেলে মোহাম্মদ ইয়াহিয়া। তবে আহত অন্যদের নাম–ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রিন পরিবহনের একটি স্লিপার বাস মেদাকচ্ছপিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শরীফ পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। দুর্ঘটনার সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু ইয়াহিয়া। গুরুতর আহত মিনিবাসচালক মোহাম্মদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়াও আহত হয়েছে দুই বাসের অন্তত ৩০ জন যাত্রী।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ডুলাহাজারা চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ঘটনাস্থলে এবং মিনিবাসের চালক হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।












