নতুন পে-স্কেলের সঙ্গে মিল রেখে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়বে

চমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এক সপ্তাহ স্থগিত

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

সরকারের নতুন পেস্কেল বাস্তবায়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের বর্তমান প্রদত্ত ভাতা আনুপাতিক হারে বাড়ানো হবে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে যৌথ এ ঘোষণা দেওয়া হয়। এর আগে সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খবর বাংলানিউজের। সভা শেষে যেসব বিষয়ে সবাই একমত হন, সেগুলো হলো) এফসিপিএস পার্ট ১, এমডি/এমএস (ফেজ) পরীক্ষায় উত্তীর্ণ হলে সকল বেসরকারী প্রশিক্ষণার্থী ভাতা পাবেন এবং এই ভাতা প্রতি মাসে পরিশোধ করা হবে। ২) সরকারের নতুন পেস্কেল বাস্তবায়ন কৌশল এর সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের বর্তমান প্রদত্ত ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। ৩) স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পদ্ধতি অনুসরণ করে স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শক্রমে বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। ৪) বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চাকুরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে। ৫) বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হবে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। ৬) বেসরকারি হাসপাতাল/ক্লিনিক/মেডিকেল কলেজে এন্ট্রি লেভেলে কর্মরত চিকিৎসকদের একটি সম্মানজনক বেতন কাঠামো তৈরির ক্ষেত্রে অংশীজনের সাথে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

উপরোক্ত সিদ্ধান্তসমূহ সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিদল চলমান কর্মবিরতি ও ওয়ার্ড এবং ক্লাস বর্জন কর্মসূসি প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন।

চমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এক সপ্তাহ স্থগিত : বিডিনিউজ জানায়, এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়নসহ ছয় দাবিতে দুদিন ধরে কর্মবিরতি পালন করা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার রাত ৯টা ৪০ মিনিটে চমেকের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরতি আগামী এক সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির দপ্তর সম্পাদক ইরফানুর রহমান বলেন, ‘দেশের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা কর্মবিরতি স্থগিত করেছি। মঙ্গলবার (আজ) সকাল ৮টা থেকে পরবর্তী সাতদিনের জন্য আমাদের কর্মসূচি স্থগিত করা হল।’

রোববার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। গতকাল সোমবারও তাদের কর্মবিরতি অব্যাহত ছিল।

পূর্ববর্তী নিবন্ধমায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু, উপড়ে গেল বাসের চাল
পরবর্তী নিবন্ধচার্জশিট গ্রহণ করেছে আদালত, চার্জগঠনের ওপর শুনানি আজ