মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়

লোহাগাড়ার বড়হাতিয়ায় র‌্যালি ও মতবিনিময়

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ইয়াছিনের পাড়ায় মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইয়াছিনের পাড়া অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক, কিশোর গ্যাং, জুয়া এবং সব ধরনের অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সামাজিক ঐক্য, পারিবারিক সচেতনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনসম্পৃক্ততা আরও জোরদার করতে হবে।

সভা শেষে উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একটি র‌্যালি আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে পাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালি শেষ হয়।

জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আলী হোসাইন এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা হাফেজ আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিদর্শক শেখ আবুল কাশেম, মহসিন আকরাম, মিনহাজুল ইসলাম, মামুনুর রশিদ, কায়সার মাহমুদ ফয়সাল, মহিউদ্দিন, মাওলানা, প্রভাষক জয়নাল আবেদীন, প্রভাষক নজরুল ইসলাম, শামসুদ্দিন মুহাম্মদ জাবেদ, অফিসার আবদুল মোমেন, মোস্তাক আহমদ, হাবিবুর রহমান, মাওলানা আবু তৈয়ব, মাস্টার আনোয়ারুল হক, মাস্টার তোফায়েল আহমেদ, সোহেলুর রহমান লিখন, নুরুল হক, আব্বাস উদ্দীন ও রাব্বি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে তিন মাদকাসক্তকে কারাদণ্ড
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় চোরাইকৃত কয়লা ও গমের ভুষিসহ ২ কাঠের বোট জব্দ