মাছ ব্যবসায়ীদের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

নগরের ২ নম্বর গেইট এলাকায় মাছ ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. রাজুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার হাটহাজারী উপজেলার আমানবাজার চিকনদন্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ধৃত রাজু নোয়াখালী জেলার হাতিয়া থানার বাসিন্দা এবং বর্তমানে খুলশীর আরজুর কলোনীতে বসবাস করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে এবং ২টিতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, ২ নম্বর গেইট রেললাইনের উভয় পাশে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছিলেন মো. রাসেল ও তার সহযোগীরা। গত এক মাস ধরে রাজু ও তার সহযোগী বাদশাহসহ প্রায় ৫০ জন সন্ত্রাসী ওই ব্যবসায়ীদের কাছে এককালীন ১ লাখ টাকা এবং দৈনিক পাঁচ হাজার টাকা হারে চাঁদা দাবি করে আসছিল। গত ১৫ জুন সন্ত্রাসীরা জোরপূর্বক ২০ হাজার টাকা চাঁদা আদায় করে এবং বাকি টাকার জন্য হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত ১৮ জুন রাতে রাজুর নির্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী মাছের দোকানগুলোতে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও ধারালো কিরিচ দিয়ে দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে এবং ব্যবসায়ীদের মারধর করে। এ সময় টিটু ওরফে লম্বা টিটু নামে এক আসামি ব্যবসায়ী মো. রাসেলকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। যাওয়ার সময় তারা ক্যাশ বাক্স থেকে মাছ বিক্রির নগদ দুই লাখ টাকা লুট করে নেয়। পরে এই ঘটনায় ব্যবসায়ী রাসেল মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীসহ পাউবোর প্রকৌশলী সবিবুর রিমান্ডে
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি আকবর গ্রেপ্তার