ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে; তিনি হাসপাতালটির ‘মর্গে প্রেমিকের লাশ দেখে আত্মহত্যা করেন’ বলে পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান। তন্ময়ী মন্ডল নামে ওই তরুণী বারডেম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ছিলেন। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। খবর বিডিনিউজের।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম বলেন, তন্ময়ীর ‘প্রেমিক’ আকাশ মিত্র রোববার বিকালে কেরাণীগঞ্জের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সোমবার তার মরদেহের ময়নাতদন্ত হয় ঢাকা মেডিকেলের মর্গে। সেসময় তন্ময়ী মর্গে ছিলেন। প্রেমিকের মরদেহ দেখার পর তিনি হাসপাতালের ভেতরেই নিজের হাত কাটেন। এরপর পুরনো ভবনের নিচতলার বাথরুমে ঢুকে গলায় ফাঁস দেন।
আকাশ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাখন চন্দ্র মিত্রের ছেলে। দক্ষিণ কেরানীগঞ্জের মালোপাড়া মিন্টু হাজীর গলিতে থাকতেন।
তন্ময়ীর বোন তন্দ্রা মন্ডলের দাবি, ‘আকাশের সঙ্গে তন্ময়ীর প্রেমের সম্পর্ক ছিল। আকাশ বিভিন্ন অজুহাতে তন্ময়ীর কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছিল, যা তন্ময়ী অন্যের কাছ থেকে ধার করেছিল। প্রতারণার বিষয়টি নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন চলছিল।’
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘ভেতরে অনেক রহস্য আছে। আমরা সেগুলো বের করার চেষ্টা করছি।’












