ভালোবাসার প্রিয় ঠিকানা দৈনিক আজাদী

বিভাস গুহ | শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী চট্টগ্রামের সর্বস্তরের মানুষের কাছে শুধু একটি নাম নয় আবেগ অনুভূতি ভালোবাসার বিশ্বস্ত একটি আয়না। যেটার দিকে চোখ বুলালে সমগ্র চট্টগ্রাম চোখের সামনে অনায়াসে ভেসে ওঠে। তাই চট্টগ্রামের মানুষের কাছে আজাদী হয়ে ওঠেছে ভালোবাসার প্রিয় ঠিকানা। চট্টগ্রামের অগণিত মানুষের ভালোবাসার হৃদস্ফূরণ হচ্ছে দৈনিক আজাদী। চট্টগ্রাম শহর বন্দর শুধু নয় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পর্যন্ত দৈনিক আজাদী অন্তরে জায়গা করে নিয়েছে নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য। কারণ মানুষ মনেপ্রাণে বিশ্বাস করে দৈনিক আজাদী সবসময় সত্যের পক্ষে কলম ধরে। সর্বস্তরের মানুষের কাছে দৃঢ় বিশ্বাস আজাদীতে প্রকাশিত সংবাদ কোনদিন মিথ্যা হতে পারে না। তাই আজাদী হয়ে ওঠেছে শুরু থেকেই জনমানুষের পত্রিকা। সূচনালগ্ন থেকে দৈনিক আজাদীর সত্য প্রকাশের অনড় অবস্থান এ পত্রিকাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে প্রযুক্তির উৎকর্ষতার সময়েও অনলাইনে যেখানে পত্রিকা পড়ার সুযোগ আছে, সেখানে শহর থেকে গ্রামে আজও দৈনিক আজাদী ঘরে ঘরে, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে অত্যন্ত আগ্রহ এবং গভীর মনোযোগের সাথে মানুষকে পড়তে দেখা যায়। বাসা বাড়িতে ঘুম থেকে ওঠে চায়ের কাপে চুমুক দিতে দিতে আজাদী পত্রিকায় চোখ বুলিয়ে বিশ্বের কোথায় কী ঘটেছে সেটা জেনে দিনের কার্যক্রম শুরু করা যেন দৈনন্দিন জীবনের অনেকের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ছুটির দিনে যখন পত্রিকা বন্ধ থাকে তখন মনে হয় সকালবেলা কী যেন একটা হারিয়ে ফেলেছি। কারণ প্রতিদিন পড়া অভ্যাস হয়ে গেছে তাই একদিন পড়তে না পারলে নিজের কাছে খুব অস্বস্তি লাগে। দীর্ঘ ৬৬ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে দৈনিক আজাদী মানুষের দোড়গোড়ায় সংবাদ পৌঁছে দিচ্ছে অত্যন্ত যত্নের সাথে। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া, বিনোদন, শিল্প, বাণিজ্য, অর্থনীতি এবং দেশের সমস্যা সম্ভাবনা অত্যন্ত গুরুত্বের সাথে এ পত্রিকাটি প্রকাশ করে থাকে। দৈনিক আজাদী চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা হলেও অনলাইন সুবিধার কারণে বিশ্বের যেকোন স্থানের মানুষ ভোরবেলা ঘুম থেকে ওঠে চট্টগ্রামসহ দেশ বিদেশের সংবাদ জানতে পারছে। বিদেশের মাটিতে বসে দেশকে জানতে পারছে। চট্টগ্রামের মানুষ যাঁরা বিদেশে আছে তাঁরা যেন আজাদীর মাধ্যমে চট্টগ্রামকে দেখতে পাচ্ছে। দীর্ঘ ৬৬ বছরের পথচলা সফলতার সাথে পাড়ি দিয়ে ৬৭ বছরে পদার্পণ করেছে দৈনিক আজাদী। দীর্ঘদিনের এ পথচলায় কোনদিন থেমে থাকেনি প্রিয় পত্রিকা। নিঃসন্দেহে এ কাজটি কঠিন। এ কঠিন কাজটি অত্যন্ত দরদ দিয়ে করে যাচ্ছে আজাদী পরিবারের সদস্যরা। বলা হয়ে থাকে কোন কাজে নিষ্ঠা এবং আন্তরিকতার সুসমন্বয় যদি থাকে তবে সে কাজটি সুন্দর হয়। আজাদী পরিবারের সদস্যদের মধ্যে সে নিষ্ঠা এবং আন্তরিকতার সুসমন্বয়ের ফলে আজাদী আজকে চট্টগ্রামের মানুষের হৃদয়ের মণিকোটায় জায়গা করে নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক আজাদী: প্রকাশনার ৬৭ বছরে
পরবর্তী নিবন্ধআজাদীর পথচলা