ব্র্যাক ব্যাংকের পর্ষদে পরিচালক হিসেবে যোগ দিলেন ড. আবদুর রাজ্জাক

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। পরিচালনা পর্ষদে ড. রাজ্জাককে স্বাগত জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ‘ব্র্যাক ব্যাংক যখন প্রবৃদ্ধি ও রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করছে, তখন শক্তিশালী সুশাসনব্যবস্থা এবং কৌশলগত তদারকি আমাদের জন্য অত্যন্ত জরুরি। গবেষণা, উন্নয়ন, শিক্ষা এবং নীতি নির্ধারণী ক্ষেত্রে ড. রাজ্জাকের ব্যাপক অভিজ্ঞতা আমাদের বোর্ডকে আরও সমৃদ্ধ করবে এবং ব্যাংকের কৌশলগত পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে। তার মূল্যবান দিকনির্দেশনা আমাদের ব্যাংকের সুশাসন কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ অর্থনীতি, গবেষণা, উন্নয়ন এবং জননীতি নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে ড. রাজ্জাকের, যা ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি ও উৎকর্ষের যাত্রায় এক নতুন মাত্রা যোগ করবে। দেশে ও বিদেশে শীর্ষস্থানীয় নেতৃত্ব ও ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ–এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি অন্যতম। ড. রাজ্জাক বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করেছেন। তিনি বেশ কয়েকবার জি–২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের সামনে টেকনিক্যাল প্রেজেন্টেশন দিয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্সের কমিটিগুলোর সামনে এভিডেন্স উপস্থাপনের জন্য তিনি আমন্ত্রিত হয়েছেন।

ড. রাজ্জাক দীর্ঘদিন বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, জাতিসংঘ এবং অন্যান্য উন্নয়ন অংশীদারদের অসংখ্য নীতি নির্ধারণী গবেষণায় নেতৃত্ব ও অবদান রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একজন খণ্ডকালীন অধ্যাপক। ড. রাজ্জাক যুক্তরাজ্যের সাসেঙ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব সোশ্যাল সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধস্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর স্মৃতিকথা সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধরোটারি স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ