২০০২ আসরে শিরোপা জয়ের পর প্রতি আসরে ব্রাজিলের গল্পটা একই। প্রতিবার কোনো একটা ইউরোপীয় দলের কাছে হেরে বিশ্বকাপের নকআউট পর্ব থেকে বিদায়। এই ধারা এবারও ভাঙতে পারল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দলকে কক্ষপথে ফেরানোর প্রতিশ্রুতি দেন ভিনিসিউস। ম্যাচ শেষে অল্প যে কয়েকজন খেলোয়াড় মিক্সড জোনে কথা বলতে আসেন, তাদের একজন ভিনিসিউস। তিনি নিজেদের ভুল স্বীকার করে নেন। ‘বিদায় মেনে নেওয়া সবসময়ই কঠিন। টুর্নামেন্ট থেকে বাদ পড়া সবসময়ই নাজুক এক সময়। এই মুহূর্তে আমার খুব বেশি কিছু বলার নেই। ম্যাচ যেভাবে এগিয়েছে, তাতে আমরা সঠিক কাজগুলো করতে পারিনি। আবারও যারা আমাদের উপর আস্থা রেখেছিলেন সেই ভক্তদের জন্য দুঃখিত। ব্রাজিলকে শীর্ষে নেওয়ার লড়াইয়ে আমি থামাব না।’












