বোশেখ আসুক মুক্ত স্বাধীন স্বপ্ন নিয়ে
অ–দরকারি,জীর্ণ –জরা বিদায় দিয়ে।
নতুন করে ফুল –ফসলে ভরুক মাঠ,
দুঃখ ঠেলে যাক না ঘুচে দেনার হাট।
ধ্বংস করুক অহমিকার অট্টালিকা
নতুন করে জ্বলুক রবির অগ্নিশিখা।
যা পুরানো শুষ্ক, মরা যাক উড়িয়ে,
অত্যাচারী, বিভেদকারী দিক গুড়িয়ে।
সমাজ থেকে যাক না মুছে পাপ অনাচার
সবুজ ধরার মাঝে দেখুক স্বপ্ন বাঁচার।
ধনী –গরীব ভালোবাসার বুক মিলিয়ে,
সত্য –ন্যায়ের সম্ভাবনা যাক বিলিয়ে।
মধ্য রাতের আঁধার ঢেকে উঠুক রবি
মেঘের তুলির রংধনুতে আঁকুক ছবি,
বন– বনানীর শাখায় শাখায় ডাকুক পাখি
বোশেখের ওই নতুন আলোয় ভরুক আঁখি।










