বৈরী আবহাওয়া, ৩ দিন ধরে বন্ধ সেন্টমার্টিন-টেকনাফ নৌ চলাচল

অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ৫:১১ পূর্বাহ্ণ

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টানা তিন দিন ধরে সেন্টমার্টিনটেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। গত শুক্রবার থেকে গতকাল রোববার পর্যন্ত টেকনাফসেন্টমার্টিন নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আজ সোমবার পরীক্ষা থাকলেও পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ট্রলার চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দ্বীপের কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী। আগামীকাল (সোমবার) তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ট্রলার চলাচল বন্ধ থাকায় তারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে। পাশাপাশি শাহপরীর দ্বীপে অবস্থানরত কোস্টগার্ডের একটি বড় ট্রলার সেন্টমার্টিনে এলে সেটিতে করে পরীক্ষার্থীদের টেকনাফে আনার ব্যবস্থা করা যায় কিনা, সে বিষয়েও কোস্টগার্ডের সঙ্গে আলোচনা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফসেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। তবে সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। পরীক্ষার্থীদের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
পরবর্তী নিবন্ধখামেনির শেষকৃত্যে ইরানিদের কান্না দেখে ট্রাম্পের বিস্ময়