মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি খান (৭৫) গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, নাতি–নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৩টায় চকবাজার প্যারেড ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে জেলা প্রশাসনের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চকবাজার থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মো. ওসমান গণি খানকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। পরে কাপাসগোলা জামতলা মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার জানাজায় অন্যান্যের মধ্যে অংশ নেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ প্রমুখ ব্যক্তিবর্গ। এদিকে বীর মুক্তিযোদ্ধা মো. ওসমান গনি খানের মৃত্যুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম শোক প্রকাশ করেছেন।










