এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না

বোয়ালখালী বিএনপির প্রস্তুতি সভায় বক্তারা

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত আজ শনিবারের অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহম্মদ খান।

তিনি বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই ভোট চুরি করে। নতুন বুদ্ধি এঁটে নতুন কমিশন দিয়ে আবার কৌশলে ভোট চুরির চিন্তা করছে; কিন্তু তারা জানে না শেখ হাসিনা সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইছহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মন্নান, পৌর বিএনপির আহ্বায়ক শহিদুল্লা চৌধুরী, সদস্য সচিব ইউছুপ চৌধুরী একে এম কামাল উদ্দিন, জেলা যুবদলের সহসম্পাদক সায়েম উদ্দিন চৌধুরী টিটু, বোয়ালখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন, পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক, গোলাম হোসেন নাপ্পু, আকরাম হোসেন দুলালসহ উপজেলা, পৌরসভা যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আজ শনিবার অনুষ্ঠিতব্য অবস্থান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন, দেশে আজ মানুষের ভোটের ও ভাতের অধিকার নেই। বর্তমান সরকার ক্ষমতায় এসে দেশকে কারাগারে পরিণত করেছে। বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের নামে প্রতিনিয়িত মিথ্যা মামলা দিচ্ছে। উন্নয়নের নামে লুটপাট ও দুর্নীতির জবাব জনগণ একদিন দেবে। পরে এ উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজার ও মোড়ে লিফলেট বিতরণসহ প্রচারণা চালান নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ওসমান গনি খান
পরবর্তী নিবন্ধদুর্ঘটনা রোধে সমন্বিত পর্যবেক্ষণ টিমের প্রশিক্ষণ উদ্বোধন