ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস আজ। দিবসটি উপলক্ষে পটিয়ার ধলঘাটে তাঁর নিজ গ্রামে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ধলঘাটে প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এ ছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে পটিয়ার ধলঘাটের দক্ষিণ সমূরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জগবন্ধু ওয়াদ্দেদার এবং মা প্রতিভাময়ী দেবী। ব্রিটিশবিরোধী আন্দোলনে তিনি অল্প বয়সেই বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হন এবং মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বাধীন বিপ্লবী আন্দোলনের অন্যতম সাহসী যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে মাস্টারদা সূর্য সেনের নির্দেশে প্রীতিলতার নেতৃত্বে একদল বিপ্লবী চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র অভিযান পরিচালনা করেন। ব্রিটিশবিরোধী এ অভিযানের একপর্যায়ে প্রীতিলতা গুলিবিদ্ধ হয়ে আহত হন। অভিযান শেষে ব্রিটিশদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি সঙ্গে থাকা পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করে আত্মাহুতি দেন।













