বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত

| মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক লায়ন ডা. গোপাল ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. গোলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি ডা. আ ন ম বদরউদ্দিন। উদ্বোধন করেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ডা. সেখ সাবির উদ্দিন আহমাদ।

আলোচনায় অংশ নেন চট্টগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. শরিফুল কবির, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চট্টগ্রাম বিভাগীয় শিক্ষক প্রতিনিধি প্রার্থী ও সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক ডা. কাজী আব জাফর মো. রফিক উদ্দিন, ডা. প্রবীর কান্তি পাল, ডা. পরেশ চক্রবর্তী, ডা. ভজন কুমার তলাপাত্র, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ডা. কামাল উদ্দিন সরওয়ার ও সাধারণ সম্পাদক ডা. মো. ফারুক আহমদসহ চিকিৎসক ও ছাত্রছাত্রীরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুনিয়াব্যাপী হোমিওপ্যাথির সাফল্যগাথা আজ সর্বজনবিদিত। মানুষের সুস্থতায় হোমিও ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, জীবনের শেষ পর্যায়ে এসে ডা. স্যামুয়েল হ্যানিম্যান আত্মপ্রত্যয়ে বলেছিলেন, আমি বৃথা জীবন ধারণ করি নাই।

আলোচকেরা বলেন, চিকিৎসাবিজ্ঞানকে কুসংস্কারমুক্ত, প্রাকৃতিক নিয়মভিত্তিক ও বিজ্ঞানমুখী ধারায় উন্নীত করতে হ্যানিম্যানের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। তার হাত ধরেই চিকিৎসাবিজ্ঞানে সূচিত হয় নতুন যুগ।

সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, কোনো ওষুধ সুস্থ দেহে যে লক্ষণ সৃষ্টি করে, তাঁর সদৃশ লক্ষণের রোগীকে আরোগ্য করতে পারে, এই নীতির ভিত্তিতেই ১৭৯৬ সালে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির নামকরণ করেন হ্যানিম্যান। তার দেখানো পথে থেকে রোগীদের আদর্শ আরোগ্য নিশ্চিত করাই হোমিওপ্যাথিক চিকিৎসকদের লক্ষ্য হওয়া উচিত।

উল্লেখ্য, স্যামুয়েল হ্যানিম্যান ১৭৫৫ সালের ১০ এপ্রিল জার্মানির স্যাক্সন রাজ্যের মিসেন নগরীতে জন্মগ্রহণ করেন। ১৭৭৮ সালে তিনি অ্যালোপ্যাথিক চিকিৎসা শুরু করেন এবং ১৭৯০ সালে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার ও প্রচলন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবাজুস চট্টগ্রাম শাখার নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের প্রস্তুতি সভা