বিএনপি নির্বাচনে না এলে একটি অপূর্ণতা থেকে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গতকাল মঙ্গলবার রাতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।, নির্বাচনে আসা নিয়ে সিইসি বলেন, ‘কোনো দলকে আমরা জোর খাটিয়ে আনতে পারব না। আমরা ওনাদের দুবার চিঠি দিয়েছিলাম; আসেননি; সংলাপে অংশগ্রহণ করেননি। উনারা এখনও আমাদের উপর অনাস্থায় রয়েছেন; সরকারের উপরও অনাস্থায় আছেন।’
বিএনপির যে নির্বাচনে আসা প্রয়োজন, সেটা সরকারের তরফ থেকেও বলা হয়েছে বলে উল্লেখ করে সিইসি বলেন, সরকারও মনে করে, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হলে একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। সরকারের বিভিন্ন মন্ত্রীদের কাছ থেকেও শুনেছি বিএনপি যাতে নির্বাচনে আসে, সে ব্যাপারে সরকারের মধ্যে সচেতনতাবোধ আছে, সরকারও এ বিষয়ে আন্তরিক। বিএনপি নির্বাচনে না এলে একটি অপূর্ণতা থেকে যাবে।’ খবর বিডিনিউজের।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। সব দল অংশগ্রহণ করুক। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে, প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একটা সংসদ গঠিত হোক। সংসদের মাধ্যমে একটা সরকার গঠিত হোক। তাহলে দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা আরও সুসংহত হবে। আমাদের সরকারও আরও উন্নত হবে।’
সিইসি হাবিবুল আউয়াল বলেন, ইভিএম নিয়ে যে শুভংকরের ফাঁকির কথা বলা হয়েছে সে বিষয়ে শতভাগ সততার সাথে, নিষ্ঠার সাথে পরীক্ষা করা হয়েছে। তাতে কোনো সংকট ধরা পড়েনি। এ সময় তিনি ভারতে গিয়ে পাওয়া ইভিএম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন।













