চট্টগ্রাম পাহাড়, সমুদ্র ও ঐতিহ্যের জন্য সারা দেশে পরিচিত। কিন্তু এই জেলার অনেক গ্রামীণ এলাকায় আজও নীরবে চলতে থাকা বাল্যবিবাহ আমাদের বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করায়। এখনও দেখা যায়, এসএসসি শেষ করলেই অনেক কিশোরীকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয়। অথচ তাদের বয়স তখন মাত্র ১৫–১৬ বছর। শিক্ষা, স্বপ্ন ও আত্মপ্রতিষ্ঠার সুযোগ কেড়ে নিয়ে অল্প বয়সে তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় সংসারের দায়িত্ব।
বাংলাদেশে বাল্যবিবাহ রোধে আইন রয়েছে। কিন্তু আইন তখনই কার্যকর, যখন তার বাস্তব প্রয়োগ নিশ্চিত হয়। শুধু আইন করলেই হবে না; পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। চট্টগ্রামের উন্নয়ন তখনই পূর্ণতা পাবে, যখন পাহাড়–সমুদ্রের সৌন্দর্যের পাশাপাশি প্রতিটি কিশোরীর শৈশব, শিক্ষা ও স্বপ্নও নিরাপদ থাকবে। আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই–গ্রামীণ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। একটি কিশোরীর স্বপ্ন রক্ষা করা মানেই দেশের ভবিষ্যৎ রক্ষা করা।
কে.এম.মুরাদ
বাঁশখালী, চট্টগ্রাম।












