বারইয়ারহাটে ফ্লাইওভার চাই

| শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। শিক্ষা, চিকিৎসা, ব্যবসাবাণিজ্যসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন মিরসরাই ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ এখানে যাতায়াত করেন। বারইয়ারহাটে পথচারীদের রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজ থাকলেও শিশু, বয়স্ক, অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য এটি ব্যবহার করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে ব্যস্ত সড়ক পারাপারের ক্ষেত্রে সাধারণ মানুষকে দুর্ভোগ ও ঝুঁকির মুখে পড়তে হয়। জনসাধারণের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে বারইয়ারহাট এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি যাচাই করে উদ্যোগ নিলে এ এলাকার যানবাহন চলাচল আরও স্বাভাবিক হওয়ার পাশাপাশি পথচারীদের দুর্ভোগও অনেকাংশে কমতে পারে। বারইয়ারহাটের ক্রমবর্ধমান জনসমাগম ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনা করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনার জন্য অনুরোধ জানাচ্ছি। জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।

সাজেদা আক্তার (সাজু)

শিক্ষার্থী,

ফেনী সরকারি কলেজ

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক ড. মনিরুজ্জামান : ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষক
পরবর্তী নিবন্ধমূল্যবোধের অবক্ষয় রোধে বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন