বাবার সাথে নতুন বাইকে চড়ার আবদার করেছিল পহেলা বড়ুয়া (৭)। বাবা নন্দন বড়ুয়ার সাথে নতুন মোটরসাইকেল বের হয় পহেলা বড়ুয়া। সাথে ছিল নন্দন বড়ুয়ার ভাই উদয়ন বড়ুয়ার ছেলে পার্থ বড়ুয়া (৬) ও ছোটন বড়ুয়ার ছেলে তীর্থ বড়ুয়া (৫)।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটিয়া উপজেলার কোলাগাঁও কাঁচারি পুকুর পাড় এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষ হয় নন্দন বড়ুয়ার বাইকের। এ সময় ঘটনাস্থলেই পহেলা বড়ুয়ার মৃত্যু হয়। আহত হয়েছে অপর দুই শিশু ও নন্দন বড়ুয়া।
কোলাগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য জাফর আহমদ জানান, নিহত শিশু পহেলা বড়ুয়া স্থানীয় কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। ঘটনার পর স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটি আটক করে, পরে কালারপোল পুলিশ ফাঁড়িতে গাড়িটি রাখা হয়। এ ঘটনায় আহত শিশু পার্থ বড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয়রা। বর্তমানে সে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর শিশু তীর্থও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে নিহত শিশু পহেলা বড়ুয়ার পিতা নন্দন বড়ুয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
কালারপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাহিদ হাসান জানান, সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনায় ট্রাক ও চালক মো. ঈসমাইল আটক রয়েছে।













