নতুন টার্মিনাল ভবন থেকে ফ্লাইট পরিচালনা শুরু আজ

কক্সবাজার বিমানবন্দর

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজার বিমানবন্দরে নির্মিত নতুন টার্মিনাল ভবন থেকে আজ সোমবার থেকে শুরু হচ্ছে ফ্লাইট পরিচালনা। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিমানবন্দরের সব বিভাগ ও এয়ারলাইন্সগুলোকে বৃহস্পতিবার চিঠি দিয়েছেন সেখানকার পরিচালক গোলাম মোর্তোজা হোসেন। এতে বলা হয়, ২৮ সেপ্টেম্বর থেকে কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু হবে। চিঠিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস–বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রাকে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়। খবর বিডিনিউজের।

ইউএস–বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, নতুন ভবন যেটা হয়েছে, ডেফিনেটলি কিছু আধুনিক সুযোগ–সুবিধা ওখানে আছে। যাত্রী এবং এয়ারলাইন্সগুলোরও অনেক দিনের ডিমান্ড ছিল যে, আধুনিকায়নের করার জন্য কক্সবাজার এয়ারপোর্টটাকে। যেহেতু ইন্টারন্যাশনাল অপারেশনের জন্য একটা প্ল্যান প্রজেক্ট চলছে, আবার কক্সবাজার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন; যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নতুন ভবন থেকে ফ্লাইট অপারেশনটা হবে, সেই হিসেবে আমরা এই জিনিসটাকে অ্যাজ এ অপারেটর হিসেবে সাধুবাদ জানাচ্ছি।

এ প্রসঙ্গে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নতুন ভবনে ফ্লাইট অপারেশনের সিদ্ধান্ত হয়েছে। এয়ারলাইন্সগুলোর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে চেক–ইন কাউন্টারগুলো ভাগাভাগি করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নভোএয়ার এবং এয়ার অ্যাস্ট্রা চেক–ইন কাউন্টার ভাগাভাগি করবে, এ রকম একটা নির্দেশনা এসেছে। এটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তোজা হোসেন বলেন, এটা নিয়ে আসলে সমস্যা হবে না। আমাদের এখানে ১৪টি চেক–ইন কাউন্টার রয়েছে। এয়ারলাইন্সগুলো চাইলে আলাদা চেক–ইন কাউন্টার ব্যবহার করতে পারবে। নতুন ভবনে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি কতদূর–এমন প্রশ্নে তিনি বলেন, আমরা প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করে এনেছি। সব কিছুই ঠিকঠাক আছে।

পূর্ববর্তী নিবন্ধবাবার নতুন বাইকে চড়ে পহেলার ‘শেষ যাত্রা’
পরবর্তী নিবন্ধজানুয়ারিতে সংবিধান সংশোধন বিল, মৌলিক সংশোধন গণভোটের মাধ্যমে