বাংলাদেশের উইকেট বরাবরই স্পিন বান্ধব হয়। কারণ নিজেদের শক্তির জায়গাকে স্পিন হিসেবে দেখে টাইগার টিম ম্যানেজমেন্ট। তবে গত কয়েক বছরে এই প্রবণতা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে তারা। তাই বাংলাদেশ সফরে স্পিন নাকি পেস ইউনিটকে গুরুত্ব দেবে তা নিয়ে দ্বিধায় আছে পাকিস্তান। বাংলাদেশের উইকেট নিয়ে এখনো স্পষ্ট ধারণা না পাওয়ায় দুই ধরনের উইকেটের প্রস্তুতি নিয়েই বাংলাদেশ সফরে আসছেন শান মাসুদ–বাবর আজমরা। দলটির প্রধান কোচ সরফরাজ আহমেদ জানিয়েছেন, তারা দুই ধরনের উইকেটের প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ বলেন, ‘বাংলাদেশের কন্ডিশনের কথা মাথায় রেখেই আমরা করাচিতে ক্যাম্পের আয়োজন করেছি। এখানকার সঙ্গে বাংলাদেশের আবহাওয়ার অনেক মিল আছে। আমাদের খুবই ভালো প্রস্তুতি হচ্ছে।’ ‘বাংলাদেশে কী ধরনের উইকেট হবে সেটা ভাবনায় রেখেই আমরা ক্রিকেটারদের প্রস্তুত করছি। পেস বলুন কিংবা স্পিন– দুই ধরনের উইকেটের জন্যই আমরা প্রস্তুত আছি। আমরা এখানে দুইটা সেশনে ভাগ করে অনুশীলন করছি। একটা সেশনে নেটে ব্যাটিং কিংবা বোলিং করছে আরেকটা সেশনে ফিল্ডিং অনুশীলন চলছে।’–যোগ করেন তিনি। বাংলাদেশ সফরের আগে করাচিতে কন্ডিশনিং ক্যাম্প করছে পাকিস্তান দল। আগামী ১ মে পর্যন্ত ক্যাম্প করবে পাকিস্তান দল। এরপর ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান দল। ৮ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে।













