বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে গৃহনির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন বিতরণ করেছে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন। শুক্রবার উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরল আনোয়ারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের প্রথম ধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মাঝে ১ বান করে ঢেউটিন হস্তান্তর করা হয়। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মৌলানা মাহমুদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরহাদ আমিন ফয়সল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন মুফতি মাওলানা নছিমুর রহমান, সরল আনছারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল মাজেদ, সরল আনোয়ারুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা আব্দুল মালেক, মাওলানা আহমদ ছৈয়দ, মাওলানা হাফেজ আহমেদ, মাওলানা রফিক উল ইসলাম, মাওলানা রাশেদুল আলম নোমান, মাস্টার জামাল উদ্দিন এবং ডাক্তার ইউসুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও মরহুম মৌলানা হাবীব উল্লাহ (রহ.)-এর উত্তরসূরি ও ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা ফরিদুল আলম, মৌলানা শওকত আমিন বেলাল, মৌলানা সোহাইল মাহমুদ, ফরহাদ আমিন ফয়সল, তোয়াহা আমিন, শোয়াইব মাহমুদ, আহমদুর রহমান ও মোবারক উল্লাহ প্রমুখ। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ নেন মৌলানা হাবিবুল করিম হেলাল, মৌলানা সাইফুল্লাহ এবং হাফেজ ওবাইদুল্লাহ।









