বহুরূপী গান

মনোয়ারা সুলতানা সোনিয়া | বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

ভালোবাসা একদিন নীরব ভোরে এসে

চুপচাপ বসেছিল জানালার ধারে,

চোখে তার স্বপ্নের নরম আলো,

বুকে অজস্র না বলা কথার ভারে।

আমি তখন অপ্রাপ্তির শহরে হারানো,

ইচ্ছেগুলো ভাঙা কাঁচের মতো ছড়ানো,

সে এসে বলল– ‘সব হারানো মানেই শেষ নয়,

কিছু না পাওয়া থেকেই তো নতুন পথের শুরু হয়।’

প্রাপ্তি তখন দূরের তারা,

দেখি শুধু, ছুঁতে পারি না,

অর্জনের পাহাড় সামনে দাঁড়িয়ে

কিন্তু পা যেন এগোয় না।

তবু জীবনের এই বিসর্জনের রাস্তায়

কিছু স্বপ্ন জ্বলে, কিছু নিভে যায়,

কিছু মানুষ থেকে যায় হৃদয়ের কোণে,

কিছু আবার ভিড়ের মাঝে হারিয়ে যায়।

ভালোবাসা তখন নদীর মতো বয়ে চলে,

কখনো শান্ত, কখনো বন্যা হয়ে,

কখনো ছুঁয়ে যায় হৃদয়ের গভীরতা,

কখনো ভাসিয়ে নেয় সবকিছু একসাথে।

পূর্ববর্তী নিবন্ধপহেলা বৈশাখ
পরবর্তী নিবন্ধনব উদ্যম