বন্যপ্রাণী শিকারের মাংস ভাগাভাগি নিয়ে গোলাগুলি বন্দুকসহ চা শ্রমিক আটক

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর চা বাগান থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুকসহ সুমন ওরাং (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা ১১টায় স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। আটককৃত সুমন ওরাং ওই চা বাগানেরই একজন শ্রমিক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুজানগর চা বাগানে বন্য শূকরসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের মাংস ভাগাভাগি নিয়ে স্থানীয় শিকারিদের নিজেদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এই অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত শনিবার ওই এলাকায় অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, সুজানগর চা বাগানে অন্য একজনের ওপর অস্ত্র নিয়ে হামলার তথ্যের ভিত্তিতে প্রথমে গ্রাম পুলিশ পাঠিয়ে অভিযুক্ত সুমনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাম পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্রটি পরে ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, চা বাগান এলাকায় মূলত বন্যপ্রাণী শিকার করার উদ্দেশ্যেই তারা দেশীয় প্রযুক্তিতে এই আগ্নেয়াস্ত্র তৈরি করেছিল। শিকার করা পশুর মাংসের ভাগভাটোয়ারা ও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তারা এই অস্ত্র নিয়ে মহড়া ও গোলাগুলিতে লিপ্ত হয়। ওসি আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে এই চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অনুসন্ধান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধছয় শতাধিক মানুষের মাঝে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের বিনামূল্যে শরবত বিতরণ