বনে মধু সংগ্রহ করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর বদিউল আলম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঁধার মানিক সাতঘর পাড়ার মৃত আবদুল মতলবের ছেলে। গতকাল শনিবার দুপুরে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের পার্বত্য এলাকার বনাঞ্চল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই মধু সংগ্রহের উদ্দেশে পার্বত্য এলাকার বনে যান বদিউল আলম। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। গতকাল বনে যাওয়া কয়েকজন ব্যক্তি দুর্গন্ধ পেয়ে একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি বদিউল আলমের বলে শনাক্ত করেন। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বদিউল আলম মধু সংগ্রহ করতে বনে গিয়েছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গাছে উঠে মধু সংগ্রহের সময় পোকার আক্রমণে তিনি নিচে পড়ে যান। এ সময় বাঁশঝাড়ে কাটা বাঁশের গোড়ায় বিদ্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ তার বাড়িতে যায়। ঘটনাস্থল পার্বত্য এলাকায় হওয়ায় মরদেহ নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।












