চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪–তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস–২০২৪ উপলক্ষে গতকাল ১৭ মার্চ রোববার জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য কর্মসূচি উদযাপন করা হয়েছে। কর্মসূচি শুরু হয় ১৭ মার্চ সকাল ১০টায় নগরীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্র্ণ করার মধ্য দিয়ে। এসময় বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন কার্যালয়, বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, রেলওয়ে পুলিশ, পিবিআই মহানগর–জেলা, নৌ–পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আরআরএফ, সিআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক), বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সমাজসেবা কার্যালয়, বিআরটিএ, সিনিয়র জেল সুপার, ডেপুটি পোস্ট মাষ্টার জেনারেলের কার্যালয়, আনসার–ভিডিপি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর, সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভাগীয় কমিশনার বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল–মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা, পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ ও জেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সরোয়ার কামাল। বক্তৃতা করেন। শেষে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা শিল্পকলা ও শিশু একাডেমিতে আয়োজিত চিত্রাঙ্কন, হাতের লেখা, নৃত্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেন, ‘ব’ তে বঙ্গবন্ধু ‘ব’ তে বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। এ দেশ গঠনে বঙ্গবন্ধুর গুরুত্ব অপরিসীম। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলা গঠনে শিশুদের প্রস্তুত হতে আহ্বান জানাই। প্রাথমিক বিদ্যালয় থেকেই বঙ্গবন্ধুর ছোটবেলার জীবন কাহিনী বর্ণনা করে শিশুদের মাঝে তা ছড়িয়ে দিতে হবে। খবর প্রেস বিজ্ঞপ্তির।














