কার ও কাভার্ডভ্যানকে জরিমানা,সিএনজি টেক্সি জব্দ

সাইকেল ট্র্যাকে পার্কিং

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:২৪ পূর্বাহ্ণ

নগরের বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধভাবে পার্কিং করায় একটি প্রাইভেটকার ও একটি মিনি কাভার্ডভ্যানকে তিন হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি সিএনজি টেক্সি জব্দ করা হয়।

গতকাল রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। অংশ নেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। এর আগে গত শুক্রবার চসিকের উদ্যোগে নির্মিত ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই সাইকেল ট্র্যাকটি উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধনের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ট্র্যাকটি দখল করে বিভিন্ন গাড়ি পার্কিং করে রাখা হয়। এ নিয়ে গতকাল আজাদীতে ‘সাইকেল ট্র্যাকে লরি ও কার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া প্রণয় চাকমা আজাদীকে বলেন, অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮–এর মাধ্যমে দুটি মামলায় নগদ ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং ১টি গাড়ি সিজ করা হয়। দণ্ডিত গাড়ির একটি ইনকনট্রেন্ড লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মিনি কাভার্ডভ্যান। সিজ করা গাড়ির মালিক যোগাযোগ করলে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।

এদিকে জরিমানা করার সময় গাড়ি চালকরা দাবি করেছেন, যেখানে গাড়ি পার্কিং করেছেন সেটা যে সাইকেল ট্র্যাক তারা জানতেন না। স্থানীয়রা বলছেন, মূল সড়কের সাথে লাগানো সাইকেল ট্র্যাককে পৃথক রাখতে ফুলের কেয়ারি তৈরি করে সেখানে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়। কিন্তু দুই ফ্লাওয়ার বেডের মাঝে কিছু কিছু অংশে বড় আকারের গ্যাপ আছে। সেখান দিয়েই ট্র্যাকে গাড়ি ঢকানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবাদামি ডিম বনাম সাদা ডিম : কোনটি বেশি ভালো?
পরবর্তী নিবন্ধএলাচ নিয়ে খাতুনগঞ্জে স্লিপ বাণিজ্য