নগরীর আতুরার ডিপো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকেরা। গতকাল সকালে ইত্যাদি জিন্স নামে ওই কারখানা শ্রমিকদের সড়ক অবরোধের কারণে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে কর্মজীবী মানুষ ভোগান্তিতে পড়েন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতন–ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধ ও অন্যান্য দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন। এদিকে অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। শিল্প পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছেন। তারা বকেয়া বেতনসহ নানা দাবি জানাচ্ছেন। আমাদের পুলিশ ও থানা–পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে।












