ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে বেশ ভাল পারফর্ম করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনাল নিশ্চিত করেছিল লাল–সবুজ জার্সিধারীরা। সেমিফাইনালে কুয়েতের বিপক্ষেও দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। অতিরিক্ত সময়ে অকস্মাৎ এক গোল হজম করে স্বপ্ন ভাঙে জামাল ভূঁইয়াদের। তবে সাফ চ্যাম্পিয়নশিপের এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার ফিফা র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৯২ থেকে তিন ধাপ এগিয়ে ১৮৯ নম্বরে উঠে এসেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। গতকাল বৃহস্পতিবার হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা। দীর্ঘ সময় বাংলাদেশ ১৯২ র‌্যাংকিংয়ে আটকে ছিল। উন্নতি হচ্ছিল না কিছুতেই। বরং বাজে পারফরম্যান্সে আরও অবনমনের আশঙ্কা জেগেছিল এক সময়। তবে সামপ্রতিক সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাফে চোখ ধাঁধানো খেলা উপহার দিয়েছে। ফলে ৮ রেটিং পয়েন্ট যোগ হয়েছে লাল–সবুজ জার্সিধারীদের। আগের রেটিং পয়েন্ট ছিল ৮৮৪। এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮৯২.৪৪।

পূর্ববর্তী নিবন্ধলাকী আখন্দের গান নিয়ে আসছে কোক স্টুডিও বাংলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপে রাব্বি সেলিম চ্যাম্পিয়ন