ফ্রান্সের বিপক্ষে অবিস্মরণীয় জয়ের দিনেই দলের সেনসেশন লামিনে ইয়ামালের বাড়িতে বেরসিক চোরের চুরির চেষ্টার খবর সামনে এসেছে। বার্সেলোনার দে লোব্রেগাতের একটি বাড়িতে চুরির ব্যর্থ চেষ্টা চালানো হয়। গোপনীয়তা রক্ষার স্বার্থে পুলিশ বাড়ির মালিকের নাম প্রকাশ করতে রাজি না হলেও, বার্সেলোনা–ভিত্তিক দৈনিক লা ভানগার্দিয়া জানিয়েছে, বাড়িটি স্পেনের ১৯ বছর বয়সী তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, মুখোশধারী দুই ব্যক্তি বাড়িটির সীমানা প্রাচীর বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে। তবে সেখানে থাকা নিরাপত্তাকর্মীদের তৎপরতায় খুব একটা সুবিধা করতে পারেনি তারা। দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লা ভানগার্দিয়া আরও জানিয়েছে, ইয়ামালের এই বাড়িটি সুপরিচিত। বার্সেলোনার সাবেক তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে এবং তার সাবেক সঙ্গী কলম্বিয়ান পপ তারকা শাকিরা বার্সেলোনায় একসঙ্গে থাকাকালীন সময়ে এই বাড়িটিতেই বসবাস করতেন। প্রসঙ্গত, গতকাল রাতে যুক্তরাষ্ট্রের ডালাসে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২–০ ব্যবধানে হারিয়ে স্পেনের ফাইনালে ওঠার কয়েক ঘণ্টার ব্যবধানে চুরির চেষ্টার এই ঘটনা ঘটে। প্রসঙ্গত, ইউরোপে তারকা ফুটবলারদের বাড়িতে এমন চুরি বা ডাকাতির চেষ্টা এবারই প্রথম নয়। এর আগে মাদ্রিদে থাকার সময় করিম বেনজেমা, রদ্রিগো এবং দানি কারভাহালের মতো ফুটবল তারকাদের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে।












