ফটিকছড়িতে খাদের পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২১ জুন, ২০২৬ at ২:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটের শৈলকুপায় খাদের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটি স্থানীয় ব্যবসায়ী মনজুর হকের কনিষ্ঠ কন্যা (আনুমানিক ৪ বছর)। আজ রবিবার (২১ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে একটি খাদের পানিতে পড়ে যায় শিশুটি। দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের খাদের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।

সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, অসাবধানতাবশত বাড়ির পাশের খাদের পানিতে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। বর্ষা মৌসুমে বাড়ির আশেপাশে পানি জমে থাকায় শিশুদের প্রতি বাড়তি নজর রাখার জন্য তিনি স্থানীয় অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

এদিকে ব্যবসায়ী মনজুর হকের কনিষ্ঠ কন্যার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ সমগ্র নারায়ণহাট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বাসিন্দারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধইতালিতে ওর জনপ্রিয়তা কমে গিয়েছে, তাই আমার সঙ্গে ছবি তুলতে চাইছিলেন
পরবর্তী নিবন্ধরাউজানে যুবদল নেতা খুন : রাঙামাটি থেকে ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার