সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেছেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে।এটি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক। এই গণতান্ত্রিক প্রক্রিয়া যেন ভবিষ্যতে আরও শক্তিশালী ও নিরবচ্ছিন্ন থাকে, সেটি নিশ্চিত করার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি গতকাল শনিবার সংসদে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো হাটহাজারীতে তার জন্মস্থানে আগমণ উপলক্ষে চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনের বিএনপি পরিবার এবং সর্বস্তরের জনসাধারণ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
সংবর্ধিত আরো বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। তাছাড়া তিনি দেশে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি নারী শিক্ষা এগিয়ে নিতে ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা ও নারীদের কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। ব্যারিস্টার সাকিলা ফারজানা হাটহাজারী উপজেলার অবকাঠামো ও সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেবেন এমন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আজকের দিনটিকে তাঁর জীবনের অন্যতম ঐতিহাসিক ও গর্বের দিন। তার মরহুম পিতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের সুযোগ্য উত্তরসূরি হিসেবে এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত নয়, বরং এটি একটি আদর্শের বিজয় এবং জনগণের আস্থার প্রতিফলন। তাঁর দেখানো পথেই আমি নিজেকে পরিচালিত করে আমৃত্যু আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই। এর আগে তিনি বিকেলে লালিয়ারহাট এসে পৌঁছলে হাজার হাজার নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানানোর জন্য ভিড় করে। তিনি তাঁর পিতা সৈয়দ ওয়াহিদুল আলমের কবরে পুস্পমাল্য অর্পন করেন এবং জিয়ারত করেন। শেষে তিনি তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী, পেশাজীবী ও সর্বস্তরের জনসাধারণের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।














