রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে যতিশ বিকাশ চাকমা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী গ্রামে প্রতিবেশীর এক মহিলার মরদেহ সৎকার করতে গিয়ে বজ্রপাতে নিহত হন তিনি।
খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবেশী দেবি চাকমা অসুস্থতা জনিত কারণে সকালে মারা গেলে দুপুরে বাড়ির পাশে শ্মশানে গ্রামবাসী তাকে সৎকার করতে নিয়ে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তিনি দৌড়ে একটি গাছের নিচে আশ্রয় নিলে সেখানে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এদিকে দুর্গম বাঘাইছড়ি উপজেলার সদরের মুসলিম ব্লক এলাকায় হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে কয়েকটি গ্রাম। এ সময় ঘূর্ণিঝড়ে মসজিদসহ ঘরবাড়ি বাগানের গাছপালাসহ নানা মৌসুমি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক জামে মসজিদসহ বেশ কিছু বাড়িঘর এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গেছে। একই সঙ্গে বিভিন্ন ফসলাদির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তবে ঘূর্ণিঝড়ে এই পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, দুপুরের দিকে মুসলিম ব্লক এলাকায় হঠাৎ করে ঘূর্ণিঝড় ও প্রচণ্ড দমকা হাওয়া শুরু হয়ে মসজিদ, গাছপালা, ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে।
এতে করে বাড়িঘর ও ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।












