পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর

এসএসসি

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করতে চায় শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির তরফ থেকে করা এ প্রস্তাবে শিক্ষা মন্ত্রণালয় সায় দিলে সেদিন ফল প্রকাশ করা হবে। প্রত্যাশিত ফল না পেয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা ৪ লাখ পরীক্ষার্থী এ ফলের অপেক্ষায় আছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গতকাল বৃহস্পতিবার বলেন, ১০ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশে সম্ভাব্য তারিখ নির্ধারণ করে একাদশে ভর্তির প্রস্তাবিত খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এ ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে। খবর বিডিনিউজের।

চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় আশানরূপ ফল না পেয়ে ৪ লাখ ২ হাজার ৫১ জন পুনর্নিরীক্ষণের আবেদন করছেন। তারা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণ চেয়েছেন। এর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক রয়েছে। সেই হিসাবে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্র এবং ২ লাখ ৩১ হাজার ৪৭১টি ব্যবহারিক উত্তরপত্রসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে মোবাইল নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম ওএসডি, নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর