হাটহাজারীতে একটি পুকুর থেকে বিবি আয়েশা (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার বিকালের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নোয়া পাড়ার পূর্ব পাশের ইটভাটা সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনার বাড়ির মৃত আবু সামার স্ত্রীর।
জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে উল্লেখিত পুকুরটিতে এক মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের সহযোগিতায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবার সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। শারীরিকভাবে দুর্বল থাকায় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের। ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হালিম জানান, বেলা ১২টার দিকেও তিনি ওই বৃদ্ধাকে হেঁটে যেতে দেখেছেন। ওই বৃদ্ধা মানষিকভাবেও একটু অসুস্থ ছিলেন। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, লাশটি উদ্ধারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।














