নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের চতুর্থ তলায় কম্পিউটার সেন্টারে কর্মরত দুই প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন পিডিবির সিবিএ নেতারা। গত ৯ জুন দুপুর ১টা ৪০ মিনিটে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের চতুর্থ তলায় সিস্টেম অ্যানালিস্ট ও নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আকতারের কক্ষে এই ঘটনা ঘটে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের এক নির্বাহী প্রকৌশলী জানান, এই ঘটনায় সংশ্লিষ্ট সিবিএর ৪ সদস্যকে বদলি করা হয়েছে। থানায় জিডি করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কম্পিউটার বিভাগের সহকারী প্রকৌশলী মেহেদি হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দৃশ্য দেখা যায়।
সিসিটিভি ফুটেজ এবং ঘটনার প্রত্যক্ষদর্শী পিডিবির এক সহকারী প্রকৌশলী আজাদীকে জানান, গত মঙ্গলবার দুপুরে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের ৪র্থ তলায় সিস্টেম অ্যানালিস্ট (নির্বাহী প্রকৌশলী) নিলুফারিন আকতারের কক্ষে সিবিএ’র বেশ কয়েকজন সদস্য ও বহিরাগতসহ প্রায় ৪০ জন সদস্য মিছিল করতে করতে প্রবেশ করে তার উপর চড়াও হন। এসময় তাদেরকে না জানিয়ে আউটর্সোসিংয়ে (কাজ নাই, মজুরি নাই) নিয়োগ কেন দেয়া জানতে চান।
এসময় পার্শ্ববর্তী রুম থেকে সহকারী প্রকৌশলী মেহেদি হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে সিবিএর সদস্যরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় তারা সহকারী প্রকৌশলী মেহেদি হাসানকে বলে তুই কে? বলে রুম থেকে টেনে–হিঁচড়ে বাইরে নিয়ে যায় শারীরিক হামলা চালায়। তাকে চড়–থাপ্পড় মেরে শরীরের বিভিন্নস্থানে আঘাত করা হয়।
এসময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন অফিস সহকারীর তাকে রক্ষা করেন।
এ ঘটনায় চার শ্রমিককে চট্টগ্রাম থেকে বদলি করা হয়েছে। তারা হলেন, প্ল্যান্ট অপারেটর–সি মো. হাফিজুর রহমানকে পাবনায়, লাইনম্যান মো. নুরুন্নবীকে ভোলায়, ইলেকট্রিশিয়ান মো. শফিকুল ইসলামকে সিলেট এবং গাড়িচালক মো. আইয়ুবকে দিনাজপুরে বদলি করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আকতার বলেন, সমপ্রতি ‘কাজ নেই মজুরি নেই’ ভিত্তিতে একজন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু সিবিএর নেতারা এর প্রতিবাদ করেন।
তাঁদের মতামত না নিয়ে কেন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে তা জানতে গত ৯ জুন মঙ্গলবার দুপুরে তাঁর রুমে আসেন ২০–৩০ জন। অবসরপ্রাপ্ত শ্রমিক গাজী আইয়ুবের নেতৃত্বে সিবিএ নেতারা রুমে প্রবেশ করেই চিৎকার–চেঁচামেচি শুরু করেন। বারবার চেষ্টা করেও শান্ত করতে ব্যর্থ হন। একপর্যায়ে তাঁরা দুর্ব্যবহার করতে থাকেন।
তিনি বলেন, এসময় সহকারী প্রকৌশলী মেহেদী হক তার রুম থেকে বের হয়ে সিবিএ নেতাদের শান্ত করতে চাইলে উল্টো তাকে কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। কক্ষের বাইরে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সিসিটিভি ফুটেজে বিউবো’র অবসরপ্রাপ্ত কর্মচারী গাজী আইয়ুব এবং বিউবোর বিবিবি খুলশী দপ্তরের প্ল্যান্ট অপারেটর হাফেজুর রহমান, বিবিবি পাথরঘাটা দপ্তরে তড়িৎবিদ–এ মো. শফিকুল ইসলাম, বিবিবি পাথরঘাটা দপ্তরে লাইনম্যান–বি মো. নুরুন নবী, বিবিবি নিউমুরিং দপ্তরের গাড়িচালক মো. আইয়ুবকে উক্ত হামলার ঘটনায় প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানান পিডিবির এক প্রকৌশলী।












