প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে বান্দরবানের রুমার গ্যালেঙ্গা ইউনিয়নে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকালে রুমা উপজেলার গ্যালেঙ্গা বাজারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপকারভোগীদের আনুষ্ঠানিকভাবে সোলার হোম সিস্টেম বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। পাহাড়ের দুর্গম অঞ্চলের প্রতিটি ঘর সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে। পাহাড়ের কোনো গ্রামই অন্ধকার থাকবে না। সরকার পাহাড়ের মানুষের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকারের আমলে পার্বত্য জনপদ সর্বক্ষেত্রে এগিয়েছে।”
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রকল্প বাস্তবায়ন ও সোলার প্রকল্প পরিচালক হারুনর রশীদ, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান শিবলী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাস, গ্যালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান সুয়ে উসাই প্রমুখ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত জানান, পার্বত্য চট্টগ্রাম প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবান জেলায় ১৪ হাজার জন’কে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
এছাড়াও গ্যালেঙ্গা পুনর্বাসন পাড়ায় যাওয়ার জন ১৫ লাখ টাকা ব্যয়ে নদীর ঘাটে নবনির্মিত সিঁড়ি এবং ৩০ লাখ টাকা ব্যয়ে গ্যালেঙ্গা পুনর্বাসন পাড়া নবনির্মিত বৌদ্ধ বিহারের উদ্বোধন করা হয়েছে।














