রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাহেবনগর এলাকায় পাহাড়ি ঢলের তোড়ে প্রধান সড়কের একটি কালভার্ট দুই পাশের সংযোগ সড়ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাহেবনগর সড়কের ‘বেল্লাতল’ খালের ওপর অবস্থিত এই জরাজীর্ণ কালভার্টটি বর্তমানে চলাচলের জন্য একেবারেই অনুপযোগী ও বিপজ্জনক হয়ে পড়েছে। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা কালভার্টটির দুই পাশে বাঁশের সাঁকো তৈরি করে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছেন। স্থানীয় মো. ইকবাল হোসেন জানান, এই সড়কটি অত্র অঞ্চলের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই পথে প্রায় ৫ থেকে ১০ হাজার মানুষ যাতায়াত করেন। এদিকে পাহাড়ি ঢলের পানিতে এলাকার বহু মৎস্য চাষির পুকুরের মাছ ভেসে গেছে এবং বিঘার পর বিঘা ফসলি জমি তলিয়ে গিয়ে ফসল নষ্ট হয়ে গেছে। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, ক্ষতিগ্রস্ত এলাকা এবং পরিবারগুলোকে জরুরি সহায়তা দেয়া হচ্ছে। বৃষ্টি কমলে সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










