ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে খ্রিস্টান অধ্যুষিত ঐতিহাসিক ফিলিস্তিনি গ্রাম তাইবের কৃষিজমি ও জলপাই বাগানে আগুন দিয়েছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো মঙ্গলবারের ওই ঘটনার খবর প্রকাশ করে। পরে ইসরায়েলি সংবাদপত্র টাইমস অব ইসরায়েলও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ ঘটনা আড়ালেই থেকে গেছে। খবর বিডিনিউজের।
স্থানীয় সূত্রগুলোর বরাতে খবরে বলা হয়, মঙ্গলবার রামাল্লার পূর্বাঞ্চলে তাইবে গ্রামের উপকণ্ঠে একটি পাহাড়ি ঢালে সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল আগুন দেয়। গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন শুকনো খেত ও জলপাই বাগানে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও স্থানীয় কৃষকদের আয়ের অন্যতম উৎস কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পর গ্রামের পূর্ব প্রান্তে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।











