পরাজিত শক্তি ও পলাতক শক্তি পরস্পর যোগসাজশে নানানভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে দাবি করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।
দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেদিন বিকেল ৩টায় নগরের পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে। মহানগর বিএনপির প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের ব্যানার–ফেস্টুনসহ উপস্থিত হয়ে র্যালিকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য গতকালের সভায় নির্দেশনা দেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল বলেন, ৩০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের যাত্রা মাত্র শুরু হয়েছে। এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সময় ও সকলের সহযোগিতা প্রয়োজন। বিএনপি দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
তিনি বলেন, বিএনপি কোনো অপশক্তির ষড়যন্ত্রের কাছে মাথানত করবে না। দেশের সকল দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে নিয়ে পরাজিত ও পলাতক অপশক্তির যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি প্রস্তুত রয়েছে। জনগণের আশা–আকাঙ্ক্ষাকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
এরশাদ উল্লাহ এমপি বলেন, দীর্ঘ আন্দোলন–সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার পর একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে, জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দেশের মানুষ বিএনপির ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সর্বোচ্চ শৃঙ্খলা, ঐক্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দলের রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনের পথচলা আরও সুসংগঠিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সদস্য সদস্য শামসুল আলম, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, আবুল হাশেম, মুজিবুল হক, মো. মহসিন, মো. খোরশেদ আলম, মো. সালাউদ্দিন, কামরুল ইসলাম, মোশারফ হোসেন দীপ্তি, মো. জাফর আহমেদ, গাজী আইয়ুব, মাহাবুব রানা, এম এ সবুর, নুর উদ্দিন হোসেন নুরু, মো. আজম ও আশরাফুল ইসলাম।












