এপিএম টার্মিনালসের বিনিয়োগে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে : চেম্বার সভাপতি

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক লালদিয়া কন্টেনার টার্মিনাল প্রকল্পে এপিএম টার্মিনালসের বিনিয়োগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চেম্বার পরিচালকমন্ডলী ও সর্বস্তরের ব্যবসায়ী সমাজের পক্ষে গতকাল শনিবার এপিএম টার্মিনালসের চেয়ারম্যান রবার্ট মার্সক উগ্লাকে প্রেরিত এক পত্রে চেম্বার সভাপতি বলেন, লালদিয়া কন্টেনার টার্মিনালে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ বিশ্ব দরবারে একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করবে। এই প্রকল্পের সুদূরপ্রসারী প্রভাব কেবল একটি টার্মিনাল নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বিশ্বের অন্যতম শীর্ষ টার্মিনাল অপারেটরের উপস্থিতি বাংলাদেশে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণে কার্যকর ভূমিকা পালন করবে।

চট্টগ্রামের কৌশলগত ভৌগোলিক সুবিধার কারণে রিজিওনাল ইনভেস্টমেন্ট এন্ড লজিস্টিক হাব হবার সমূহ সম্ভাবনাকে কাজে লাগিয়ে চেম্বার সভাপতি এ.পি. মোলারমার্সক ও এপিএম টার্মিনালসকে চট্টগ্রামসহ বাংলাদেশে আরও বৃহৎ অবকাঠামোগত প্রকল্প বিশেষ করে বেটার্মিনাল, জাহাজ নির্মাণ ও বৃহৎ শিল্পে বিনিয়োগ এবং ২০৩৪ সাল নাগাদ বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত করার সরকারের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান। এপিএম টার্মিনাল লালদিয়া’র গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান উপলক্ষ্যে এ.পি. মোলারমার্সক ও এপিএম টার্মিনালসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে চেম্বার সভাপতি এ প্রকল্পের সফল ও দ্রুত বাস্তবায়নে চট্টগ্রাম চেম্বারের পক্ষ হতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপলাতক ও পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে