বাঁশখালী উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যেগে ৬৮৯৬ জন কৃষকদের উফশী রোপা আমন জাতের বীজ বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস হলরুমে ‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬–২৭ অর্থবছরে সামপ্রতিক বন্যায় রোপা আমন বীজতলা স্থাপনকারী ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা কর্মসূচির আওতায় বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার। বিশেষ অতিথি দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী, পৌরসভা জামায়াতের আমীর মো. আবু তাহের,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কাইছার উদ্দিন। কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্রের সঞ্চালনায় এ সময় মুহাম্মদ মর্তুজা আলী, এটিএম কফিল উদ্দিন, কৃষি কর্মকর্তা মোহছেন আলী,প্রনব কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, একদিকে পাহাড়ি ঢল, অপরদিকে লবণাক্ত পানি। এ দুইয়ের রাক্ষুসীর কবলে পড়ে ক্ষতির মুখে পড়েছে সাধারন জনগন। সামপ্রতিক বন্যায় বাঁশখালীতে ৪ হাজারের বেশি বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং ৮/৯ হাজার আংশিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি দাবি করেন। সাম্প্রতিক বন্যা অনেকে ক্ষতির মুখে পড়েছে, তারপরেও আমাদের ঘুরে দাঁড়াতে হবে, চট্টগ্রামের ৩০ ভাগ সবজি বাঁশখালীর চাষীরা জোগান দেয়।
তিনি বলেন, অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে অনেককে বীজ দেওয়া, সার দেওয়া হবে। পর্যায়ক্রমে সরকারি বেসরকারি ভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে।এর আগে বাঁশখালীর সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও বিধবাদের সেলাই মেশিন বিতরন করেন।











