পরীক্ষা দিয়েছিল অন্য লোক, চাকরিতে যোগ দিতে এসে হলেন গ্রেপ্তার

| সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে চাকরিতে যোগ দিতে আসা চার ব্যক্তিকে পরীক্ষায় প্রতারণার অভিযোগে পুলিশে সোপর্দ করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, ওই চারজনের হয়ে লিখিত পরীক্ষা ও ভাইবা দিয়েছিলেন অন্য লোক। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের পুলিশে দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে গতকাল রোববার শাহবাগ থানায় মামলা করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনসুর হোসেন জানিয়েছেন। গ্রেপ্তার চারজন হলেন টাঙ্গাইলের মো. আব্দুল আলিম, সিরাজগঞ্জের আলী হায়দার, কুড়িগ্রামের রাসেল রানা লিটন এবং গাজীপুরের মাসুদ ফকির। খবর বিডিনিউজের। থানায় দায়ের করা মামলায় বলা হয়, সাঁটমুদ্রাক্ষরিক কামকম্পিউটার অপারেটর এবং অফিস সহায়কের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর যথাক্রমে ২৭৮৪ জন এবং ২৩৭০৯ জন প্রার্থী আবেদন করেন। আটক চারজন অফিস সহায়ক পদের প্রার্থী ছিলেন। অফিস সহায়ক পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা হয় গত ১৯ মে। ৯৩১৮ জন প্রার্থী লিখিত পরীক্ষা দেন এবং ১০৭ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরে ২৪, ২৫ ও ২৮ জুন তাদের ভাইভা হয়। মন্ত্রণালয় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের সবার প্রবেশপত্রসহ ছবি তুলে রাখে। ভাইভা শেষে ৬ জুলাই অফিস সহায়ক পদে ২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে চিকিৎসাক্যাম্প
পরবর্তী নিবন্ধআনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) কার্যনির্বাহী কমিটি গঠন